স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারি করা একটি নোটিশ প্রত্যাহার এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০২৫-২৬ এর সদস্যরা। একইসঙ্গে দাবি আদায়ে হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশগ্রহণ করেন। ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০২৫-২৬ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি যে নোটিশ জারি করেছে তা চিকিৎসকদের স্বার্থবিরোধী, অযৌক্তিক এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তারা অবিলম্বে ওই নোটিশ প্রত্যাহার এবং উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভ আরও বাড়বে এবং বৃহত্তর আন্দোলনের সৃষ্টি হতে পারে।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে শুক্রবার রাত পর্যন্ত সময় বেঁধে দিয়ে দাবি পূরণে আল্টিমেটাম ঘোষণা করা হয়। ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে শনিবার থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে অনির্দিষ্টকালের কর্মবিরতি, একাডেমিক শাটডাউনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
