রাঙ্গামাটিতে শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে চার কিশোর গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি শহরে ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে চার কিশোরকে গ্রেপ্তার করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোÑ দিহান (১৩), মো. কাউছার (১৪), তাহেরুল ইসলাম ওয়াহিদ (১৫) ও রাহাত (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন।

থানা সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের দাবি, কয়েকদিন আগে অভিযুক্তরা শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাকে একই ধরনের নির্যাতনের শিকার করা হয়। অভিযোগ রয়েছে, গত বুধবার সন্ধ্যায়ও অভিযুক্তরা শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে পুনরায় বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় শিশুটি বিষয়টি তার অভিভাবকদের জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ভিকটিমের দেয়া তথ্যানুসারে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন