গাজীপুরের শ্রীপুরের বরকুল শেখবাড়ী ঘাট সংলগ্ন মাটিকাটা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় নাঈম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত নাঈম বরমী ইউনিয়নের বর্ণনর গ্রামের বাসিন্দা ও কাঁচামালের ব্যবসার পাশাপাশি বাড়ির পাশে একটি মাছের প্রকল্প পরিচালনা করতেন।
নিহতের খালাতো ভাই রিয়াজ উদ্দিন জানান, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে নাঈম মাছের প্রকল্পে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর গত বুধবার রাতে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানানো হয়, নাঈম অজ্ঞান অবস্থায় ভৈরব সড়কের পাশে পড়ে আছেন। পরে ফোনদাতার নির্দেশে নাঈমকে উদ্ধারের জন্য ৮ হাজার টাকা পাঠানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর আসে মাটিকাটা নদীতে একটি মরদেহ ভাসছে। এ সময় ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা নাঈমের মরদেহ শনাক্ত করেন।
তবে তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেন স্বজনরা। নিহতের দুলাভাই জানান, মাছের প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। পরিবারের ধারণা, পূর্ব-শত্রুতার জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
