অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র। বাংলাদেশের হয়ে ৭ টেস্ট ও ৬ ওয়ানডে খেলেছেন তালহা। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই সাবেক পেসার খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হন। বর্তমানে এইচপির হয়ে কাজ করছেন জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ১৩ ম্যাচ খেলা এই পেসার।
বিসিবির সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ থাকলেও আর কাজ করবেন না সাবেক অজি পেসার। এমনটা নাকি ইতিমধ্যেই বিসিবিকে জানিয়েছেন তিনি। তাই দেশে ফিরে যাওয়া অস্ট্রেলিয়ান কোচ আবারও বাংলাদেশে ফিরবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেল। তবে দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনোকিছু জানায়নি।
বিসিবির সঙ্গে কাজ না করার বিষয়ে পারিবারিক কারণ দেখালেও শোনা যাচ্ছে ভারতে কাজ করতে আগ্রহী টেইট। ভারতের রাজ্য দল বেঙ্গলের কোচিংয়ে যুক্ত হতে নাকি ইতিমধ্যে সেখানে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। যদি তেমনি হয় তাহলে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেওয়া টেইটের শেষ কাজ হয়ে থাকবে পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজ।
বিশ্বকাপ চলাকালীন সময় সীমিত সংস্করণ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল। আগামী ৯ জুন ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে অস্ট্রেলিয়া। বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। সব ম্যাচ মিরপুরে। বিপরীতে ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। বাকি ম্যাচ ১৯ ও ২১ জুন।
