সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৩৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৫ হাজার ৭০৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৯ হাজার ২৬০ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬১ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৭ হাজার ৪৩ জন ছাড়পত্র পেয়েছেন।
