বন্ধ ও অলাভজনক কল-কারখানায় বিনিয়োগ আকৃষ্টে ‘রোড শো’ করার সিদ্ধান্ত

বন্ধ ও অলাভজনক কল-কারখানায় বিনিয়োগ আকৃষ্টে ‘রোড শো’ করার সিদ্ধান্ত

ফন্ট সাইজ:

দেশের বন্ধ ও অলাভজনক সরকারি কল-কারখানায় বিনিয়োগ আকৃষ্টে ‘রোড শো’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতির শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বন্ধ কল-কারখানা চালু সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্প মন্ত্রণালয়ে আওতাধীন বন্ধ ও অলাভজনক কলকারখানা চালুর বিষয়ে বৈঠক করেছেন। ওই সব কলকারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজন করবে সরকার। সভায় এই লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।
সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, শিল্প সচিব ওবায়দুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন