কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের ৩৫ বস্তা চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারিভাবে ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়।
কিন্তু নির্ধারিত সময়ে তা বিতরণ না করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে মজুত করে রাখা হয়। গোপন সংবাদে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার এবং সংশ্লিষ্ট কক্ষটি সিলগালা করে দেয়। স্থানীয়দের অভিযোগ, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা ও পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মৃণাল বড়ুয়ার যোগসাজশে চালগুলো আত্মসাৎ বা কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল।
তবে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাদ্যশস্য আত্মসাৎ বা অবৈধ মজুতের অভিযোগে অভিযান পরিচালনা করে এসব চাল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
