নওগাঁয় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নওসাদ আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী দুই শিশুও আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে। থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান নামে এসি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা বাসস্ট্যান্ড থেকে কিছুদূরে তুলশিগঙ্গা ব্রিজ মোড়ে বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে যাত্রী নওসাদ নিহত হন। এদিকে ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশ দুইঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যান চলাচল স্বাভাবিক হয়। নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হেেয়ছে।
