রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে সাজেদুল হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
নিহত সাজেদুল রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্ত্রী সাজেদার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় সাড়া না পেয়ে ডাকাডাকির পরও দরজা না খোলায় তার স্ত্রী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে রাঙ্গামাটি কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
