কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নুরুল ইসলাম উখিয়া উপজেলার বালুখালী হিন্দুপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। বিজিবি সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩২-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়।
এ সময় নুরুলকে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
