মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে বামন্দী মেসার্স জামান ফিলিং স্টেশনের নিকট এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে অজ্ঞাত ওই যুবকসহ চোর চক্রের পাঁচ সদস্যের একটি দল বামন্দী বাজারের খোকন এন্টারপ্রাইজের দোকানের তালা ভেঙে টায়ার চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় দোকান মালিকের ছোট ভাই তুষার হোসেন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।
অভিযোগ রয়েছে, দোকানের সামনে রাখা নীল রঙের একটি পিকআপে তিন জোড়া টায়ার তুলে নিয়ে চোর চক্রের ৪ সদস্য পালিয়ে যায়। তবে স্থানীয় জনতার হাতে একজন আটক হলে গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসানুজ্জামান বাদল হোসেনের ছোট ভাই তুষার হোসেন জানান, ভোর আনুমানিক ৫টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। পরে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই দোকানের সামনে একটি নীল রঙের পিকআপ ভ্যানে টায়ার তোলা হচ্ছে। আমি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এলে একজনকে আটক করা হয়।
পরে তিনি গণপিটুনিতে নিহত হন। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
