সড়কে খড় শুকানো বন্ধে অভিযান

ফন্ট সাইজ:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার একদিন পর সড়কে খড় শুকানো বন্ধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। এ সময় সড়কে খড় শুকিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর দায়ে দুই ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলের ঘাট পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ।

অভিযান চলাকালে স্থানীয়দের সড়কে খড়, ধান বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে সৃষ্ট জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সড়ক ব্যবহার করে কৃষিপণ্য শুকানো থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত সোমবার ক্ষেতলাল উপজেলার খারিতা এলাকায় রাস্তায় থাকা খড়ের গাদায় পিছলে একজন মোটরসাইকেল আরোহী রাস্তার ওপর পড়ে যান।

এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই কালাই উপজেলার সড়াইল গ্রামের ইমন হোসেন (২৯) ও তার শ্যালক ফেরদৌস হোসেন (১৩) নিহত হন। একই ঘটনায় রাজিয়া নামে এক নারী গুরুতর আহত হন। ওই ঘটনার পর সড়ক নিরাপত্তা নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় প্রশাসন সড়কে খড় শুকানোর মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন