বান্দরবানের ঐতিহ্যবাহী ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পের মাধ্যমে মাঝেরপাড়া আবাসিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন, উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, ম্রো কমপ্লেক্স তারই একটি ঐতিহাসিক ও অনন্য নিদর্শন। সাচিং প্রু জেরী আরও বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষা ও অবকাঠামো উন্নয়নই একটি জনগোষ্ঠীর অগ্রগতির মূল ভিত্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উন্নয়ন ও জনকল্যাণের দর্শন রেখে গেছেন, সেই আদর্শকে ধারণ করেই সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজ শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই বিনিয়োগ। তিনি সংশ্লিষ্ট সকলকে উন্নয়ন কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আহ্বান জানান এবং এলাকার জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো. ওসমান গনি, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মজিবুর রশিদ, বান্দরবান সদর উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বাসিন্দারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর ম্রো কমপেক্সে এ ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে শিক্ষা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। উন্নয়ন কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সাচিং প্রু জেরী সদর উপজেলার প্রান্তেকলেক এলাকায় অবস্থিত শান্তমিত্র বৌদ্ধ অনাথ ও বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে অবস্থানরত এতিম শিশু, শিক্ষার্থী ও সেবাগ্রহীতাদের খোঁজখবর নেন।
