নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মস্তুল ও ডেলনা এলাকায় একটি মাছের খামারে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবি করা চাঁদা না পেয়ে খামারের মালিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জহিরুল ইসলাম কাউসার। ভুক্তভোগীর অভিযোগ, মস্তুল ও ডেলনা এলাকায় তার পৈতৃক সম্পত্তির উপর গড়ে তোলা ‘সবুজ বাংলা মৎস্য খামার’ দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন তিনি।
কয়েক মাস আগে স্থানীয় লাইছ উদ্দিনের ছেলে রাকিব ও দুলাল খামার পরিচালনার জন্য তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা লোকজন নিয়ে খামারে প্রবেশ করে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন কাউসার। তিনি আরও জানান, এরপর থেকে খামারের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি, কর্মচারীদের মারধর এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
এমনকি খামারে প্রবেশ করলে তাকে হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। এসব ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে অভিযুক্ত রাকিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন কিংবা মাছ লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ওই পুকুরে জমি পাওনা আছেন বলে দাবি তার। ঘটনার বিষয়ে খিলক্ষেত থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, প্রাণনাশের হুমকি ও লুটপাটের বিষয়ের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জমিজমা সংক্রান্ত বিরোধ হলে সেটা আদালতের মাধ্যমে সমাধান করতে হবে।
