মঠবাড়িয়ায় ফের দুই খুন, নিখোঁজ ১

ফন্ট সাইজ:

মঠবাড়িয়ায় ছয় দিনের ব্যবধানে রশিদ বেপারী (৫০) ও সাগর হাওলাদার (৩০) নামে আবারো দুইজন খুন হয়েছেন। শনিবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ বেপারী দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ বেপারী ও সাগর হাওলাদার একই গ্রামের মো. নুরুজ্জামান হোসেন কালু হাওলাদারের ছেলে। এ ছাড়া, একইসঙ্গে শনিবার রাত থেকে ইউসুফ প্যাদা (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইউসুফ ওই গ্রামের আব্দুস ছত্তার প্যাদার পুত্র। একই রাতে দুইজন খুন এবং একজন নিখোঁজের ঘটনায় ওই গ্রামের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ছাড়া, এর আগে ২৪শে মে উপজেলা ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে দিন-দুপুরে ইউসুফ শরীফ ও একইদিন টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটায় আ. কাইয়ুম নামে দুইজন খুন হন। ছয় দিনে মঠবাড়িয়াতে চারজন খুন এবং একজন নিখোঁজের ঘটনায় গোটা উপজেলায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত রশিদ বেপারীর মেয়ে রোজিনা জানান, শনিবার রাত ১১টার দিকে তার বাবাকে এক ব্যক্তি ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরে রোববার সকালে বাড়ি থেকে কিছু দূরে হাজী আনোয়ার হোসেনের মক্তব মাদ্রাসার বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের জানান।

অপরদিকে নিহত সাগরের ভাই রাজু জানান, তার ভাইকে হত্যা করে শনিবার রাত ১টার দিকে বসতঘরের পেছনে কে যেন ফেলে রেখে যায়। এ সময় ডাক দিয়ে বলে তোর ভাইকে রেখে গেলাম নিয়া যা। পরে রাজু ঘর থেকে নেমে দেখে শরীরে কাদা মাখা অবস্থায় সাগরকে কে বা কারা ফেলে রেখে গেছে।

স্থানীয়রা জানান, নিহত রশিদ বেপারী পেশায় একজন কৃষক ছিলেন এবং রাজু ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ছাড়া, নিখোঁজ ইউসুফ প্যাদা পেশায় একজন ব্যবসায়ী। দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের চৌকিদার আব্দুল হক জানান, নিহত রশিদ বেপারী, সাগর হাওলাদার ও নিখোঁজ ইউসুফ প্যাদা এলাকার শান্তশিষ্ট লোক ছিল। কী কারণে দুইজন হত্যার শিকার এবং একজন নিখোঁজ হলো বুঝে উঠতে পারছি না।

এদিকে, রোববার সকালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তীসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তা ছাড়া, হত্যার রহস্য উদ্‌ঘাটনে সিআইডি’র একটি টিম নিহতদের নমুনা সংগ্রহ করেছেন।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে থানা পুলিশ কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন