চিলমারীতে এমপি’র পিএসের ওপর হামলা, দুই ভাই কারাগারে

চিলমারীতে এমপি’র পিএসের ওপর হামলা, দুই ভাই কারাগারে

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের চিলমারীতে এমপি’র ব্যক্তিগত সহকারীর (পিএস) সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনায় আপন দুই ভাই আটক হয়েছেন। পরে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনের এমপি মোস্তাফিজুর রহমান দলীয় নেতাকর্মী নিয়ে চিলমারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় রওনা করেন। গাড়িটি উপজেলার মাটিকাটা মোড় এলাকায় পৌঁছালে যানজট দেখে পিএস মো. সানাউল্লাহ সরকার গাড়ি থেকে নেমে কথা বলতে গেলে দুই যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা এমপি’র ব্যক্তিগত সহকারী (পিএস)’র ওপর হামলা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটক দুই যুবক আপন দুই ভাই বলে জানা গেছে। তারা হলেন- আতাউর রহমান (৩০) ও রেজাউল করিম (২৪)। তারা উলিপুর উপজেলার রসুলপুর তবকপুর এলাকার আইয়ুব আলীর ছেলে। এমপি’র ব্যক্তিগত সহকারী (পিএস) সানাউল্লাহ সরকার বলেন, এমপি স্যারের মিটিং ছিল কুড়িগ্রামে, তাই আমরা চিলমারী থেকে শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করি।

পথিমধ্যে মাটিকাটা মোড়ে যানজট দেখে আমি তা নিরসনের চেষ্টা করি। এ সময় ওই দুই যুবক আমাদের সঙ্গে থাকা দুই ব্যক্তির ওপর ক্ষিপ্ত হয়। আমি তা থামাতে গেলে তারা আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং হঠাৎই আমার ওপর হামলা করে মারধর করে। এ সময় তারা আরও এক ব্যক্তিকে ঘুষি মেরে দাঁত ফেলে দেয়। অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল ভুল বোঝাবুঝি আর তারা তো এমপি সাহেবের পিএসকে চেনেন না। তবে তারা বাকবিতণ্ডার কথা স্বীকার করলেও মারধরের ঘটনা এড়িয়ে যান। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, দুইজনকে আটক করে জেলহাজতে (কারাগারে) প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন