লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল আনুমানিক ৯টায় উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায়। নিহত মো. হানিফ (৬২) ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের গোয়ালঘরের কাছে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী বারেকের সঙ্গে হানিফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বারেক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রিপন অভিযোগ করে বলেন, গোয়ালঘরের পাশে মাটি কাটাকে কেন্দ্র করে বারেক আমার বাবাকে মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
