আনোয়ারায় কোরবানির হাটে কালো দানব ‘এমবাপ্পে’

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারার ঐতিহ্যবাহী সরকার হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। নানা জাতের গরু-মহিষে সরগরম এ হাটে সবচেয়ে বেশি নজর কাড়ছে ‘এমবাপ্পে’ নামের বিশাল আকৃতির একটি মহিষ। ভারতের জনপ্রিয় মুররাহ জাতের এই মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা।

রাসেল অ্যাগ্রো ফার্মের মালিক মো. রাসেল জানান, তিন বছর আগে তার খামারেই মহিষটির জন্ম। দেশীয় ও প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা মহিষটির বর্তমান ওজন ৭০০ কেজির বেশি। কুচকুচে কালো রং, দুরন্ত স্বভাব ও অল্প বয়সেই বিশাল আকৃতির হওয়ায় শখ করে এর নাম রাখা হয়েছে ‘এমবাপ্পে’। তিনি বলেন, ‘ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পের মতো এটি খুব চঞ্চল ও শক্তিশালী। তাই নামটাও মিলিয়ে রাখা হয়েছে।’

বর্তমানে মহিষটির দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। তবে কয়েকজন ক্রেতা ৭ লাখ থেকে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি। সরকার হাট ঘুরে দেখা গেছে, আনোয়ারা ছাড়াও বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, চন্দনাইশ, পেকুয়া ও চট্টগ্রাম নগরী থেকে বিপুলসংখ্যক মানুষ পশু কিনতে আসছেন। হাটে ৮০ হাজার থেকে ৭ লাখ টাকা দামের গরু এবং ১ লাখ ২০ হাজার থেকে ১০ লাখ টাকা দামের মহিষ বিক্রি হচ্ছে। চট্টগ্রাম নগর থেকে আসা ক্রেতা আবু সুফিয়ান বলেন, ‘গত কয়েক বছর ধরেই সরকার হাট থেকে পশু কিনছি। এবারো এখান থেকে তিনটি মাঝারি আকারের গরু কিনেছি।’

হাট ইজারাদার ক্যাপ্টেন নূর মোহাম্মদ বলেন, অন্যান্য বাজারের তুলনায় সরকারি হাটে হাসিল কম হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি। নিরাপত্তা নিশ্চিতে পুরো হাট সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ঈদকে সামনে রেখে হাট ও আশপাশের সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। পশুবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন