ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন আনন্দ মোহন কলেজের দুই শিক্ষার্থী নুরুল্লাহ শাওন ও রিফাত। একজন পালিয়ে আসলেও নুরুল্লাহ শাওন (২৫) এখনো নিখোঁজ রয়েছে। প্রায় ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ শাওন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার শাহজাহান মিয়ার ছেলে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালার বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদের চরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টিম ও তার বন্ধুরা ব্রহ্মপুত্র নদের চরে খোঁজ চালিয়েও তার সন্ধান পাননি। নিখোঁজ শাওনের বোনজামাই আবুল কাশেম বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে শাওন ও রিফাত নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালার বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যায়। সেখানে গেলে অন্ধকার নেমে আসলে ৭ জন ছিনতাইকারী তাদের আটকে টাকা চায়। কিন্তু, নৌকা ভাড়া ছাড়া তাদের কাছে কোনো টাকা ছিল না। রিফাত ও শাওনের কাছে টাকা না থাকায় ছিনতাইকারী দলের একজন ক্ষিপ্ত হয়ে রিফাতের গালে থাপ্পড় মেরে মোবাইল বের করে দিতে বলেন। রিফাতের গালে থাপ্পড় দেয়ার প্রতিবাদ করে শাওন। প্রতিবাদ করায় পাশে থাকা গাছের ডাল দিয়ে ছিনতাইকারীরা রিফাত ও শাওনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় প্রাণে বাঁচতে রিফাত ও শাওন দুই দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় রিফাতকে ৪ জন ও শাওনকে তিনজন করে ছিনতাইকারী ধাওয়া করে। রিফাত সাঁতার জানায় নদের দিকে দৌড়ে এসে দু’জন বালু শ্রমিকের কাছে পৌঁছায়। এসময় বালু শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে একজনকে আটক করে ও রিফাতকে উদ্ধার করে। শাওন নদে নামছে নাকি অন্য কোনো দিকে দৌড়ে গেছে তা জানাতে পারেননি। পরে খবর পেয়ে রাতেই পুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিস রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ও নদের চরে খোঁজেন। কিন্তু শাওনের সন্ধান না পেয়ে রাতে উদ্ধার অভিযান স্থগিত করে। এদিকে নিখোঁজ শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে আনন্দ মোহন কলেজের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও শাওনের পরিবারের সদস্যরা। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার তরুণ-উর-রশিদ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ব্রহ্মপুত্র নদে সন্ধান চালানো হয়। কিন্তু নিখোঁজ শাওনের সন্ধান মেলেনি। তাছাড়া শাওন নদে ঝাঁপ দিয়েছে নাকি অন্য দিকে দৌড়ে গেছে তা নিশ্চিত নয়। তাই উদ্ধার অভিযান আজকের মাঝে স্থগিত করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে গতকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে তদন্তের স্বার্থে আটক ছিনতাইকারীর নাম ঠিকানা প্রকাশ করেননি তিনি।
নদীর চরে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর হামলার শিকার দুই বন্ধু, নিখোঁজ শিক্ষার্থী
ময়মনসিংহ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
