দিনাজপুরের বোচাগঞ্জে ঝড়ো বাতাসে বটগাছের ডালচাপায় জাবেদা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার জাবেদের স্ত্রী। বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেব মন্দির সংলগ্ন একটি পুরাতন বটগাছের নিচে নিহতের রান্নাঘর ও ছাগলের ঘর ছিল। পরে ভোরে ঝড়ো হাওয়া ও দমকা বাতাসে গাছটির বড় একটি ডাল ভেঙে পড়ে। এ সময় জাবেদা ছাগল বের করতে গেলে ডালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
