নওগাঁ পত্নীতলায় ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা হলেন-মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের অটোরিকশা চালক আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের তরিকুল ইসলাম (৪৫)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুলের মৃত্যু হয়। পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক মানবজমিনকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে অজ্ঞাতনামা ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
