চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাসের একটি উঁচু ভবন থেকে পড়ে রিতা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিতা আক্তারের বাড়ি বানিয়াচং উপজেলায়। তার বাবার নাম আজিজুর রহমান। তিনি চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, রিতা আক্তার ইউএসটিসির শিক্ষার্থী নন। তিনি কী কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া তিনি সেখানে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালের রোগী, দর্শনার্থী নাকি অন্য কোনো কাজে এসেছিলেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, মরদেহের মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মুখমণ্ডল বিকৃত ছিল। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওসি আরও জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভবনের ছাদ থেকে কেউ তাকে ফেলে দিয়েছে, নাকি তিনি নিজেই লাফ দিয়েছেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। আশপাশের কয়েকটি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও সেগুলো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন