রূপগঞ্জের তারাবো পৌরসভা তেতলাবো এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল ওই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার সুলতান, নয়ন মিয়া এবং রাজ রায়হান রাব্বি।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, তারাবো পৌরসভার তেতলাবো এলাকায় মাদক কারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। শনিবার রাতে সেখানে মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পরে মাদক চক্রের মূল আস্তানা ঘেরাও করে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
