গুলিয়াখালী সৈকতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর এক কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত মো. রিফাত শেখ (১৬) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে এবং গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা যায়, গত শনিবার বিকালে বন্ধুদের সঙ্গে গুলিয়াখালী সৈকতে ঘুরতে এসে সাগরে গোসল করতে নামে রিফাত।
বিকাল সাড়ে ৪টার দিকে জোয়ারের তীব্র স্রোতে সে ভেসে যায়। সীতাকুণ্ড স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও রাত হয়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। পরে রোববার ভোরে ফের অভিযান চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে আসা পাঁচ বন্ধুর একটি দল সৈকতে সাঁতার কাটতে নামে। এ সময় হঠাৎ জোয়ারের স্রোতে সবাই ডুবতে শুরু করলে স্থানীয় বোটচালক সানজিদ, হাসান ও সুমন দ্রুত এগিয়ে এসে চারজনকে উদ্ধার করেন। তবে রিফাতকে আর খুঁজে পাওয়া যায়নি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ, গুলিয়াখালী সৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা বাড়ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন