কালকিনিতে মরা গরুর মাংস বিক্রয়ের অভিযোগে কসাইপুত্র আটক

ফন্ট সাইজ:

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে মৃত গরুর মাংস বিক্রয়ের অভিযোগে নুর মোহাম্মদ বেপারী (১৮) নামে এক যুবককে আটক করেছে কালকিনি থানা পুলিশ। রোববার বেলা ১২টার দিকে ফাঁসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। নুর মোহাম্মদ সরদার কসাই সোহরাব বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ওই বাজারে গরুর মাংস বাজার মূল্যের তুলনায় আরও কম মূল্যে বিক্রি করছিল তারা। এ সময় মাংসের পচা দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েকজন যুবকের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। তারা মাংস বিক্রেতার দোকানের কাছে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলে মাংস দোকানি উত্তরে বলে ফ্রিজে রাখা মাংস তাই একটু গন্ধ হচ্ছে। কিন্তু ততক্ষণে চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা স্বীকার করে, এটা মরা গরুর মাংস।

দু’জন পালিয়ে গেলেও নুর মোহাম্মদ নামের এই যুবক পালাতে পারেনি। তার বাবা কসাই সোহরাব বেপারী ছেলেকে রেখে পালিয়ে যায়। বারবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি। পরে পুলিশ খবর পেয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন