গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একটি আবাসিক ভবনের ছাদ ধসে কমপক্ষে ১৪ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে করাচির গুল রানা কলোনি, সোলজার বাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। কর্মকর্তাদের মতে, বিস্ফোরণটি স্ট্রিট নম্বর ৫-এর কাছে, আগা খান স্কুলের নিকটে ঘটে। ঘটনাস্থলে দ্রুত এম্বুলেন্স ও স্বেচ্ছাসেবীরা পৌঁছে আহত ও নিহতদের সিভিল হসপিটাল করাচিতে নিয়ে যান। সেখানে আহতদের চিকিৎসা চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এএসপি জামশেদ নাসির বলেন, ঘটনাটি ভোর ৪টা ১৫ মিনিটে ঘটে। ভবনটি গার্ডারের ওপর নির্মিত ছিল। ধসের কারণ তদন্ত করা হচ্ছে। প্রথম তলায় গ্যাস বিস্ফোরণ ঘটে। চিফ অপারেটিং অফিসার ডা. আবিদ জানান, সেহরির সময় বিস্ফোরণ ঘটে। গ্যাস লিকেজ থেকেই এ দুর্ঘটনা। প্রায় ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন। গ্রাউন্ড ফ্লোরসহ দুই তলায় ছোট ছোট কক্ষ ছিল। জায়গা খুব সংকীর্ণ হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। এটি বৈধ ভবন ছিল না; একক কক্ষবিশিষ্ট ইউনিট নিয়ে গঠিত ছিল। ধসের সময় পাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধারকারী সংস্থা ইধি ফাউন্ডেশন নিহতদের নাম প্রকাশ করেছে। নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন।
করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস, নিহত কমপক্ষে ১৪
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৪৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
