পলাশে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যা

পলাশে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যা

ফন্ট সাইজ:

নরসিংদীর পলাশ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক ভূঁইয়া (২০) উপজেলার মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে। আহতরা হলেন- একই এলাকার বকুল ভূঁইয়ার ছেলে রুহুল আমিন (২০) ও মান্নান ফকিরের ছেলে ইলিয়াস। গুরুতর আহত রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শনিবার সকালে আশিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, পারুলিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে সাগর (২২) ও তার ছোট ভাই সোহাগের সঙ্গে রুহুল আমিনের পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বৃহস্পতিবার কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

বিরোধ মীমাংসায় শুক্রবার বিকালে পারুলিয়া ভূঁইয়া বাড়ির পাশে সালিশের সময় ও স্থান নির্ধারণ করা হয়। শুক্রবার বিকালে উভয়পক্ষের লোকজন সেখানে জড়ো হয়ে সালিশকারীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে সাগর, সোহাগসহ ১০ থেকে ১৫ জন আশিকের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে আশিক গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে রুহুল আমিন ও এবং ইলিয়াসও ছুরিকাঘাতে আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, আশিকের মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন