ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কোরবানির গরুবোঝাই একটি ট্রাক ডাকাতি হয়েছে। শনিবার রাত পৌনে তিনটার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী মেইন লেনে এই ডাকাতির ঘটনা ঘটে। ঢাকাতদের হামলায় আহত গরুর মালিক হেলাল উদ্দিন (৪৮), জহিরুল হক (২৮) ও ট্রাক চালক মো. তৈয়ব (২১) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। জানা গেছে. ফরিদপুর সদর এলাকা থেকে ৫টি গরু নিয়ে ঢাকার দোহারের দিকে রওনা দেয় গরুর মালিক হেলাল ও জহিরুল। রাত পৌনে তিনটার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ডের একটু আগে এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ডাকাতদল তাদের ট্রাকটির গতিরোধ করে। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে ট্রাকচালক ও গরুর মালিকদের মারধর করে গরুবোঝাই ট্রাকটি নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
গরুর মালিকরা জানান, ৫টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। তারা ট্রাকটি নিয়ে ছনবাড়ি এক্সিট পয়েন্ট দিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নেমে দোহারের দিকে রওনা করতেন।
কিন্তু এর কয়েক মিনিট আগেই তাদের ট্রাকটি ডাকাতি হয়ে যায়। গরুর মালিক হেলালউদ্দিন ফরিদপুর সদর এলাকার শাহ জালালের ছেলে ও জহিরুল হক একই এলাকার মো. মোতালেবের ছেলে। ট্রাকচালক তৈয়র ঢাকার যাত্রাবাড়ীর বাসিন্দা। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ট্রাকচালক ও গরুর মালিকদের সঙ্গে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
