ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

ফন্ট সাইজ:

মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শোভন আলী (১৮) ও নয়ন হোসেন (১৮) নামের দুই যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ক্লাবপাড়ার আমিনুল ইসলামের ছেলে এবং নয়ন মেহেরপুর শহরের খন্দকারপাড়ার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শোভন ও নয়ন মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্দর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলাভর্তি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় দু’জনেই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিম বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন