জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত নারী উদ্যোক্তার জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত নারী উদ্যোক্তার জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মব ভায়োলেন্স ও ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখাসহ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পুরস্কার স্বর্ণপদকপ্রাপ্ত নারী উদ্যোক্তা পিংকি বেগম। শুক্রবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ওই উদ্যোক্তা নারীর নিজ খামার বাড়িতে সংবাদকর্মীদের কাছে এ আবেদন জানান। উদ্যোক্তা পিংকি বলেন, ২০১৬ সাল থেকে তিনি হাঁস, মুরগি, মাছ, গরু-ছাগল, ভেড়া, লালন-পালন করে ‘প্রয়োজন গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। এ প্রতিষ্ঠানগুলোতে প্রায় শতাধিক বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের মধ্যদিয়ে ব্যবসাটি দীর্ঘদিন সুনামের সঙ্গে চললেও জুলাই আন্দোলন শেষে একটি চক্র সরকারদলীয় পরিচয় দিয়ে তার কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে চিরতরে বন্ধের ষড়যন্ত্র করে তারা। নারী উদ্যোক্তার গ্রাহকদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পাঁয়তারা করছে। চাঁদাবাজ চক্রটির এমন কর্মকাণ্ডে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বর্তমানে বন্ধ রয়েছে।

তার হাঁস-মুরগি ও মাছের খামারে এ চক্রটি বিষ প্রয়োগ করেছে। রাস্তাঘাটে বের হলে ‘মব ভায়োলেন্স’ সৃষ্টি করে তাকে হেনস্তার শিকার হতে হয় প্রতিনিয়ত। ভয় আর আতঙ্কে তিনি এখন বাড়ি থেকে বের হতে পারছেন না। এই মব বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এবং তার ব্যবসাগুলো আবার সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য নূরুল ইসলাম নয়নের সহায়তা চেয়েছেন। পিংকি বলেন, আমি চাই আমার মতো একশ’ নারী উদ্যোক্তা হিসেবে তৈরি হোক। প্রত্যেক নারীর হাত যেন দেশ ও জনগণের স্বার্থে কর্মের হাতে পরিণত হয়। অথচ মব সৃষ্টিকারীরা চাঁদা না পেয়ে প্রায় ৬ মাস পূর্বে উপজেলার দক্ষিণ আইচা বাজারে আমার আর্থিক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। তাই এই মব বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সহযোগিতা চাই।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন