মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জ শহরের পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী সরকার বলেন, বিকাল সোয়া ৫টার দিকে ওই দুই ছাত্রকে আমাদের হাসপাতালে আনা হয়। বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখি ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

চিকিৎসক আরও বলেন, মৃত্যুর কারণ হিসেবে জেনেছি পানিতে ডুবে মারা গেছে। তবে থানা পুলিশকে বিষয়টি জানানোর পর, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে নিয়ে রেখেছেন। নিহতরা হলেন- মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং রাজধানীর মিরপুর এলাকার মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা উভয়েই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থী সোপানের দাদা বাড়িতে বেড়াতে আসেন। বিকাল সাড়ে ৪টার দিকে কয়েকজন শিক্ষার্থী বাড়ির চারতলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সাঁতার না জানা আজওয়াদ পুকুরের মাঝে চলে যায়। এ সময় পানিতে তলিয়ে যেতে থাকেন আজওয়াদ। তাকে উদ্ধার করতে গিয়ে সোপানও পানিতে ডুবে যান। পরে অন্য শিক্ষার্থীদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, ঢাকা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন