মিরপুর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিশু ও শ্রমজীবীরা। শুক্রবার দুপুরে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বিক্ষোভকারী কোমলমতি ছোট ছোট ছেলেমেয়ে, শিশু থেকে বৃদ্ধ সব বয়সের লোকজন ধর্ষক ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে, ‘ধর্ষকের ফাঁসি চাই, সারা বাংলায় শিশু নির্যাতনের বিচার চাই’ সহ নানা ধরনের সেøাগান দেয়। এ ছাড়াও ‘আমি শিশু আমাকে হত্যা করো না’, ‘আমাদের হত্যা করছো কেন’? ‘শিশু ধর্ষণ বন্ধ করো’ ‘আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই’ ‘শিশু হত্যা নয়, আমরা আপনারই সন্তান’ এমন সব ফেস্টুন গলায় ঝুলিয়ে বিক্ষোভ-মিছিলে অংশগ্রহণ করে মেয়ে শিশুরা।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে এবং থানা কমিটির সভাপতি মো. নাজমুল হকের উপস্থিতিতে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে এ সময় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক, নারী অধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ ছোট ছোট মেয়ে শিশুরা অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শিশু হত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলেন তারা।
