কৃষক যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যেই সরকার সরাসরি ধান ক্রয় কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে কৃষক অ্যাপস চালুর ফলে মধ্যস্বত্বভোগীদের প্রয়োজন কমে গেছে। এখন কৃষকরা সহজেই অ্যাপসের মাধ্যমে সরাসরি সরকারিভাবে ধান বিক্রি করতে পারছেন। শুক্রবার সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রানীগঞ্জ এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কৃষকের কল্যাণের কথা বিবেচনা করেই সরকার ধান ও চালের মূল্য নির্ধারণ করে। আপনাদের মতে এ উপজেলায় ধানের উৎপাদন বেশি হলেও বরাদ্দ তুলনামূলক কম।
তাই বিষয়টি খাদ্যমন্ত্রীর নজরে আনা হবে, যেন অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে আরও বেশি ধান-চাল কৃষক ও মিলারদের কাছ থেক সরকারিভাবে সংগ্রহ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. নাহিদা আক্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপি’র সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী প্রমুখ। আলোচনা সভার শেষে মিলার মো. মাহফুজার লাবলু ও মাসুদ রানার কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল ও কৃষক আবু সাঈদ তালুকদারের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি। চলতি বছরে এ উপজেলার ৮৪ মিলারের কাছ থেকে ১ হাজার ৪৭৭ টন চাল ও ২১৫ জন কৃষকের কাছ থেকে ৬৪৬ টন ধান ক্রয় করবে সরকার।
