গোপালগঞ্জের কোটালীপাড়ায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের ধোড়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা গেছে, ট্রাকে থাকা আটটি গরু চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারী গরুরহাট থেকে গত বৃহস্পতিবার দুপুরে ক্রয় করে বরিশালের বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে কোটালীপাড়ার ধোড়ার নামক এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে চারটি গরু মারা যায়।
পরে স্থানীয়রা ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত অবস্থায় চারটি গরুকে উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনার পর ট্রাকচালক নজরুল পালিয়ে যায়। গরুর বেপারীরা উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের রানা বেপারী এবং মশাং গ্রামের লিটন বেপারী। গরুর বেপারীরা জানান, নিহত চারটি গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে লাভের আশায় ঋণ করে গরুগুলো কিনেছিলেন।
রানা বেপারী বলেন, মানুষের কাছ থেকে ঋণ করে গরুগুলো কিনেছিলাম। ভাবছিলাম ঈদের হাটে বিক্রি করে কিছু লাভ হবে। কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। লিটন বেপারী বলেন, দুর্ঘটনায় আমরা আহত হইনি। কিন্তু গরুগুলা মারা যাওয়ায় আমাদের বড় ক্ষতি হলো। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান- নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক ঘুমে ছিলেন। খবর দ্রুত ট্রাকের নিচ থেকে চারটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত গরুগুলো নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছি।
