নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই একটি ট্রলার ডুবে মো. কামাল বাহাদুর (৩৮) নামে এক ট্রলার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের রহমান ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে ডুবন্ত ট্রলারের কেবিন থেকে কামাল বাহাদুরের লাশ উদ্ধার করা হয়। নিহত কামাল বাহাদুর পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল হালিম বাহাদুরের ছেলে। স্থানীয় সূত্র ও ট্রলারের মালিক জানান, ‘ফিয়ানা ফাতেমা’ নামের একটি স্টিলবডির ট্রলার কাঠবোঝাই করে ২১শে মে নেছারাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল আনুমানিক ৩টার দিকে ট্রলারটি নেছারাবাদের বালিহারি গ্রামের রহমান মিয়ার ব্রিজের নিচে পৌঁছালে খালে ভাটার কারণে সেখানে নোঙর করা হয়।

পরে ভরা জোয়ারের অপেক্ষায় ট্রলারটি ব্রিজের দুই পিলারের মাঝখানে বেঁধে রেখে চালক কামাল বাহাদুর রাতে কেবিনে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জোয়ারের পানির তীব্র চাপে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় কেবিনে ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে মারা যান কামাল বাহাদুর। কাঠবোঝাই ট্রলারের মালিক মো. রিফাত বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডুবুরির মাধ্যমে ট্রলার থেকে চালক কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাজিরপুর এলাকা থেকে গাছ নিয়ে ট্রলারটি নেছারাবাদে আসছিল এবং পাশের একটি করাতকলে কাঠ আনলোড করার কথা ছিল। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, ভাটার কারণে ট্রলারটি ব্রিজের নিচে অবস্থান করছিল। রাতে জোয়ারের পানির চাপে ট্রলারটি ডুবে গেলে চালক ভেতরে আটকা পড়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন