চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার কাপড়ভর্তি কন্টেইনার উধাও, গ্রেপ্তার ২

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার কাপড়ভর্তি কন্টেইনার উধাও, গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কয়েক কোটি টাকার গার্মেন্টস কাপড়ভর্তি একটি কন্টেইনার উধাও হওয়ার ঘটনায় বন্দরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত বুধবার রাতে নগরের বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া দু’জন হলো, চট্টগ্রাম বন্দরের উচ্চমান বহিঃসহকারী মিজানুর রহমান (৩৫) ও বন্দরের কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত আবু সুফিয়ান (৪০)। মিজানুর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত ওয়াহাব আকনের ছেলে। সুফিয়ান নোয়াখালীর সেনবাগের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ সূত্র জানায়, চীন থেকে আমদানি করা গার্মেন্টস কাপড়বোঝাই ৪০ ফুট আকারের একটি কন্টেইনার গত বছরের ৪ঠা আগস্ট থেকে চলতি বছরের ২রা এপ্রিলের মধ্যে কোনো একসময় চট্টগ্রাম বন্দরের জে আর ইয়ার্ড থেকে সরিয়ে ফেলা হয়। এতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড কন্টেইনারটি আমদানি করে। পরে বার্থ অপারেটর বশির আহাম্মদের তত্ত্বাবধানে জাহাজ থেকে খালাস করে সেটি বন্দরের ইয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককর পরিশোধ শেষে কন্টেইনারটি খালাস নিতে গেলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। বন্দর থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, ঘটনাটি তদন্ত করতে গিয়ে বন্দরের দুই কর্মচারীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কন্টেইনার পাচারের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বন্দরের আরও কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন