কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

ফন্ট সাইজ:

ঝালকাঠির কাঠালিয়ায় ট্রাক্টর মেশিনের পার্টস ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে গণধোলাইয়ে মো. রাজ্জাক বয়াতী (৫০) নামের এক চোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত আড়ইটার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মুন্সিবাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. রাজ্জাক বয়াতী উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো. সুলতান বয়াতীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান। স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র হালদার ও থানা পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে বাঁশবুনিয়া গ্রামের হায়দার আলী মুন্সির একটি ট্রাক্টর মেশিনের বিভিন্ন ধরনের পার্টস খুলে ও পরে এ বাড়ির পাশের পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার খুলতে বিদ্যুতের খুঁটিতে ওঠে। টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া দেয়। দলের অন্য সবাই পালিয়ে যেতে পারলেও রাজ্জাককে ধরে ফেলে জনতা। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এতে রাজ্জাক বয়াতী গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় রাজ্জাক বয়াতীকে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা পুলিশ জানায় মো. রাজ্জাক বয়াতীর বিরুদ্ধে কাঠালিয়া থানাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও চুরি মামলা রয়েছে। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন