ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সীরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। নিহতরা হলেনÑ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।
পুলিশ জানায়, বুধবার সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সীরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুই বন্ধুর আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
