সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে দুই ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০শে মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৯শে মে) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা এলাকা সংলগ্ন ভার্চ্যুয়াল পোশাক কারখানার গলি ও ইস্টার্ন হাউজিং সংলগ্ন পল্লীবিদ্যুৎ অফিসের পেছনে তাদের গুলি করা হয়। গুলিবিদ্ধরা হলেন- স্থানীয় নেট ব্যবসায়ী সবুজ সরকারের প্রতিষ্ঠানে কর্মরত শিপন এবং তার ভাই ইসমাইল। এর মধ্যে ইসমাইলের পিঠ ও দুই পায়ে গুলি লেগেছে এবং শিপন এক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রিশান ও আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে মাস্ক পরে কয়েকজন দুর্বৃত্ত জামগড়া ৬ তলা এলাকার ভার্চ্যুয়াল পোশাক কারখানার ২ নম্বর গেটে অবস্থান নেয়। সেখানে ইসমাইল নামের একজনকে পায়ে এবং পিঠে গুলি করে তারা। পরে ইস্টার্ন হাউজিং এলাকায় শিপন নামের আরেক যুবককে পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
গুলিবিদ্ধের স্বজনরা জানান, রাতে ইসমাইল ভার্চ্যুয়াল পোশাক কারখানার গলিতে এবং শিপন পল্লীবদ্যুৎ অফিসের পেছনে বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা প্রথমে ইসমাইলকে গুলি করে এবং পরে শিপনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কারা এবং কী কারণে তাদের গুলি করেছে তা জানা যায়নি।
আশুলিয়া থানার ওসি তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিস ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।
