বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। বুধবার এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। মাইলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এই কূটনীতিক।
এক্সের পোস্টে ড্যানিলোভিচ লিখেছেন, আমার বন্ধু ও পথপ্রদর্শক অ্যাম্বাসেডর উইলিয়াম বি. মাইলামের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বিল গতকাল (মঙ্গলবার) শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বেঁচে থেকে তার প্রিয় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পেরেছেন।
ড্যানিলোভিচ লেখেন, বাংলাদেশ ও পাকিস্তান—উভয় দেশেই মাইলামের অধীনে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। অবসরের পর তিনি যে মানবাধিকারভিত্তিক অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, সেখানেও তার সঙ্গে কাজ করার সুযোগ পাই। কিন্তু তিনি শুধু আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন একজন বন্ধু, একজন পথপ্রদর্শক এবং পিতৃতুল্য মানুষ। জীবনের অন্যতম বড় আনন্দের মুহূর্ত ছিল এক বছর আগে তার বহু প্রতীক্ষিত বাংলাদেশ সফরে তার সঙ্গী হতে পারা।
উইলিয়াম মাইলাম ১৯৯০ এর দশকের মাঝামাঝি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। একজন পেশাদার কূটনীতিক হিসেবে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশে মার্কিন প্রতিনিধি হিসেবে কাজ করেছেন ।
