আশুলিয়ায় বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

আশুলিয়ায় বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। টানা ৮ মাসের বেতন বকেয়া থাকায় তারা সড়কে অবস্থান নিয়ে দ্রুত পাওনা পরিশোধের জন্য বেপজা এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বুধবার সকালে সাভারে নবীনগর-চন্দ্রা সড়কের ইপিজেড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ভুক্তভোগী শ্রমিকরা। এ সময় সড়কটিতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাজ করলেও কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা পরিশোধ করছে না।

বারবার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়েই পরিবার-পরিজনের কষ্টের কথা চিন্তা করে রাজপথে নামতে হয়েছে আমাদের। শ্রমিকদের অভিযোগ, গত বছরের ২৩শে অক্টোবর হঠাৎ নোটিশ দিয়ে ডিইপিজেডের চারটি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় কারখানাগুলোতে কর্মরত প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। এরপর ইপিজেড শ্রম আইন অনুযায়ী গত বছরের ২৫শে নভেম্বর সকল শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়।

নিয়ম অনুযায়ী ছাঁটাইয়ের ১৫ কার্যদিবসের মধ্যে বকেয়া পাওনা পরিশোধের কথা থাকলেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) গাফিলতি ও নানা টালবাহানায় দীর্ঘ ৮ মাস পার হলেও এখনো শ্রমিকরা তাদের ন্যায্য টাকা বুঝে পায়নি। উপস্থিত আন্দোলনকারী শ্রমিকরা তাদের কষ্টের কথা তুলে ধরে বলেন, দীর্ঘ ৮ মাস কাজ না থাকায় পরিবার নিয়ে তারা চরম অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন।

সন্তানদের পড়াশোনা ও ভরণপোষণ, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসার খরচ এবং ঘর ভাড়া দিতে না পেরে শ্রমিকরা মানসিকভাবেও ভেঙে পড়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধে সরকারের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অবস্থানকারীরা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন