নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা উম্মে কুলছুম বদলগাছী সদর দরগাপাড়া এলাকার বাসিন্দা ও বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এরপর একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম সামাজিক যোগাযোগমাধ্যমে তার শিক্ষিকার মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে। শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, আমার মেয়ে ফেসবুকে তার শিক্ষিকার মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, শিক্ষার্থী কোনো আকর্ষিক ঘটনা দেখে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে।
তবে এখনি মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজি উপজেলার গোড়শাহী এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। পরে চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে মাতাজিহাট থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই উম্মে কুলছুম মারা যায়।
এ সময় গুরুতর আহত হন আরও এক শিক্ষক মমতাজ জাহান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার শিক্ষকের মৃত্যুর খবর দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
