নেছারাবাদে নির্মল চন্দ্র হালদার (৬০) নামে এক কবিরাজকে হত্যার অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত নির্মলের কৃষক ছেলে সুমন হালদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন। নিহত নির্মল হালদার উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে। সুমন হালদারের অভিযোগ, তার বাবাকে সোমবার বিকালে কুড়িয়ানা বাজার থেকে কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, নির্মল হালদার পেশায় একজন কবিরাজ ছিলেন।
ঘটনার দিন বিকালে তিনি কুড়িয়ানা বাজারে আব্দুল মজিদ মিয়ার দোকানে চা পান করে বের হন। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে সুমন হালদার খবর পান, পার্শ্ববর্তী স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামে মো. শাহ আলম ডাকুয়ার একটি পরিত্যক্ত ঘরের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ও পরিবারের সদস্যরা লাশটি নির্মল হালদারের বলে শনাক্ত করেন।
সুমন হালদার অভিযোগ করেন, তার বাবা সবসময় গলায় দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের লকেট পরতেন। এছাড়া তার কাছে ১০ থেকে ১৫ হাজার টাকা এবং একটি দামি টাচ মোবাইল ফোন থাকতো। তার ধারণা, দুর্বৃত্তরা এসবের লোভে তাকে টার্গেট করে অপহরণের পর হত্যা করেছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, মঙ্গলবার সকালে পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে নির্মল হালদারের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। জড়িতদের শনাক্ত ও হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
