গাইবান্ধায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক কলেজ অধ্যক্ষ ও দুই স্কুলশিক্ষিকাসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার বারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবু বাশারের ছেলে ফরিদ মিয়া (৪৭)। নিহত ফরিদ দুর্ঘটনাকবলিত ইজিবাইকটির চালক ছিলেন।

স্থায়ী বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে একটি পিকআপ ভ্যান ব্রয়লার মুরগি নিয়ে দারিয়াপুরের দিকে যাচ্ছিল। পথে দক্ষিণ বারুইপাড়া এলাকায় পৌঁছালে পিকআপটির সামনের বাঁ দিকের একটি চাকা হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা শহরের দিকে আসা ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে রাস্তার নিচে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী রাজ্জাক মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মারা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ সামিউল ইসলাম ও তার স্ত্রী শিক্ষিকা মেহেরুননেছা এবং মাঠের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার লাকী ও তার ১০ বছর বয়সী ছেলে রয়েছে।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন