নিখোঁজের পরদিন পরিত্যক্ত ঘরের পাশে বৃদ্ধার মরদেহ

ফন্ট সাইজ:

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওজা (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের পরিত্যক্ত একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নির্মল উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে। নিহতের ভাগিনা দিলীপ হালদার জানান, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে জানতে পারেন তার মামা নিখোঁজ হয়েছেন।

পরে বিভিন্নস্থানে খোঁজেও না পেয়ে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে খবর আসে পানাউল্লাহপুর গ্রামে একটি বাড়ির পাশে তার লাশ পড়ে রয়েছে। তিনি আরও বলেন, মামার সঙ্গে কারও শত্রুতা ছিল না। তিনি গলায় চেইনের সঙ্গে প্রায় দেড় ভরির দুটি স্বর্ণের লকেট পরতেন। এছাড়া সবসময় তার কাছে কিছু নগদ টাকাও থাকত। প্রতিবেশী অমল রায় জানান, তিনি আমাদের বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা করতেন। সোমবার রাতে শুনি তিনি নিখোঁজ, আর সকালে শুনি তার লাশ পাওয়া গেছে। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) জানান, নিহতের গলায় কোনো স্বর্ণের লকেট পাওয়া যায়নি। এছাড়া তার কাছে মোবাইল ফোন বা টাকা-পয়সাও ছিল না। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন