জেলেদের হামলায় ৫ বনরক্ষী আহত

সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহত

ফন্ট সাইজ:

সুন্দরবনের পশ্চিম বনবিভাগে কাঁকড়া শিকার করতে গিয়ে বনরক্ষীদের গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার সকালে খুলনা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল পাটকোস্টার ঝিল এলাকায় কাঁকড়া ধরার সময় এ ঘটনা ঘটে।
এ দিকে ক্ষুব্ধ বনজীবীরা নিহত জেলের লাশ নিয়ে মিছিল করে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ শ্যামনগরের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে হামলা চালায়। হামলায় ফরেস্ট গার্ড ফাইজুল হকসহ ৫ বনরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত জেলের সহযোগীদের অভিযোগ, বনবিভাগের টহল টিমের সদস্যদের ডাকে সাড়া দিতে দেরি হওয়ায় বনবিভাগের টহল টিমের ছোড়া গুলিতে আমিনুর নিহত হয়েছেন। নিহত আমিনুর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মৃত আকছেদ আলী গাজীর ছেলে।
আমিনুরের সঙ্গে থাকা জেলে আহম্মদ জানান, তিনদিন আগে বনবিভাগের অনুমতিপত্র নিয়ে দু’টি নৌকায় চারজন জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যান। সোমবার সকালে খুলনা রেঞ্জের পাটকোস্টার ঝিল এলাকায় (অভয়ারণ্য) নৌকায় বসে তারা কাঁকড়া শিকার করছিলেন। একপর্যায়ে সকাল সাতটার দিকে পার্শ্ববর্তী টহল ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে টহল টিমের সদস্যরা পেছন থেকে ডাক দেন। এ সময় তাদের ডাকে সাড়া দিতে দেরি হওয়ায় ওই টিমের সদস্যরা এক রাউন্ড গুলি ছুড়লে নৌকার মাথায় বসে থাকা আমিনুরের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরবর্তীতে দুপুর দেড়টার দিকে মরদেহ নিয়ে তারা এলাকায় ফিরে আসেন।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানান, প্রকৃতপক্ষে কাদের গুলিতে ওই জেলের মৃত্যু হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। জেলে নিহতের ঘটনাটি খুলনা রেঞ্জে ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, মোবারক হোসেনের নেতৃত্বে টহল টিম পরিচালনার কথা জেলেদের পক্ষ থেকে দাবি করা হলেও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিকাল ৪টার দিকে বিক্ষুব্ধ জেলেরা লাশ নিয়ে মিছিল করে সাতক্ষীরা রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে হামলা চালায়। এতে ৫ জন বনকর্মী আহত হয়েছেন। আহত বনকর্মীরা হলেন- মেজবাবুল হক, তপন কুমার বর্মণ, ফারুক হোসেন, ফয়জুল রহমান ও এখলাছুর রহমান। এদের পুলিশ উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর থানার ওসি খালিদুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহত ৫ বনরক্ষীকে স্পিডবোর্টে ভিন্ন পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন