পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তাই এটি বাস্তবায়নে ধৈর্য ধরে সহ অপেক্ষা করতে হবে। দেশে পদ্মা ব্যারেজ হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে। সোমবার দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমাদের সরকারের বয়স মাত্র তিন মাস হয়েছে। একটি মহাপরিকল্পনা বা ব্যারেজ নির্মাণ করতে গেলে অনেক টেকনিক্যাল বিষয় রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এসব করতে হয়। আগামী ১১ই ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে যেভাবে ফারাক্কা চুক্তি করেছিলেন, আমরাও সেইভাবে এ চুক্তি করতে চাই।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ-উন-নবী ডন, ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক রুহুল আমিন ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’Ñ সেøাগানকে সামনে রেখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় রংপুর, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধা জেলার বিজয়ী দলসমূহ অংশ নিচ্ছেন। বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছেÑ ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার।
