মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালেও ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত তন্নী ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া খান বাড়ির জিয়া উদ্দিন খানের মেয়ে। তার স্বামী আল আমিন হাওলাদার পেশায় প্রাইভেটকারচালক। তাদের এক কন্যাসন্তান রয়েছে।
স্বজনরা জানান, সোমবার সকাল ৭টার দিকে প্রসবজনিত সমস্যার কারণে তন্নীকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার নূর ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে ডাক্তার ইশরাত জাহান ঐশী ও হিমেল মাহমুদ তার অস্ত্রোপচার করেন। রোগীর স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় রোগীর নাড়ি কেটে ফেলা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, বরিশাল মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন ভুলভাবে নাড়ি কাটার কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর সোমবার বিকালে ক্ষুব্ধ স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর হাসপাতালটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কালকিনি থানার ওসি জহিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভুল চিকিৎসার অভিযোগে স্বজনরা সড়ক অবরোধ করেছিল। তারা লিখিত অভিযোগ বা মামলা করলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
