আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ৪ কারখানার শ্রমিকদের মানববন্ধন

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ৪ কারখানার শ্রমিকদের মানববন্ধন

ফন্ট সাইজ:

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে দাবি আদায়ে কারখানা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা না পেয়ে এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীরা।

সোমবার সকালে এক্টর স্পোর্টিং কারখানার শ্রমিকদের আয়োজনে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদের সঙ্গে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন বন্ধ হয়ে যাওয়া সাউথ চায়না লিঃ, গোল্ডট্রেক্স গার্মেন্টস লিঃ এবং গোল্ডট্রেক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা।

ভুক্তভোগী শ্রমিকরা জানায়, গত বছরের শেষের দিকে এই পোশাক কারখানাগুলো বন্ধ হয়ে গেলেও কর্তৃপক্ষ নিয়ম অনুাযায়ী বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে ডিইপিজেড কর্মকর্তাদের সঙ্গে বারবার মিটিং করা হলেও তারা কোনো সমাধান দিতে পারেনি। এই অবস্থায় তারা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য পাওনাদি পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। কারখানার একজন কর্মকর্তা জানান, গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানি আমাদের কোনো বেতন দেয়নি। এ সময় ইপিজেড কর্তৃপক্ষ আমাদের এবং শ্রমিকদের বারবার আশ্বস্ত করেছে আপনারা কাজ চালিয়ে যান, কোম্পানি বেতন না দিলে আমরা নির্দিষ্ট সময়ে বেতন দিয়ে দেবো। তার পরে ডিসেম্বরের এক তারিখে হঠাৎ করেই কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। কিন্তু দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন তাদের কোনো প্রকার টাকা দেয়া হয়নি।

ভুক্তভোগী শ্রমিকরা জানায়, আমরা শ্রম মন্ত্রণালয়, বেপজা এবং বিজিএমইএ বরাবর স্মারকলিপি দিয়েছি কিন্তু সেগুলোরও কোনো জবাব পাইনি। আজ দশ মাস হয়ে গেল আমরা কোনো সুরাহা পাচ্ছি না। ইপিজেড কর্তৃপক্ষও এ ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা করছে না।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন