গত এক দশকে বাংলাদেশে শাকিব খানের পর যে নায়ক নিজের কাজের মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি আরিফিন শুভ। এবার প্রথমবার বলিউড প্রজেক্টে দেখা যাবে তাকে। যদিও এ খবর পুরনো। তবে নতুন খবর হচ্ছে, বলিউড অভিষেকের দিন-তারিখ চূড়ান্ত হয়েছে শুভ’র। ভারতীয় ওটিটি প্ল্যাটফরম সনি লিভ জানিয়েছে, বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে আগামী ১৯শে মার্চ। হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় মুক্তি পাবে প্ল্যাটফরমটির কোনো সিরিজ। ‘জ্যাজ সিটি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ধারাবাহিকে তাকে দেখা যাবে জিমি রয় চরিত্রে। পুরো কাহিনী আবর্তিত হয়েছে তার চারপাশে। প্রকাশিত ঝলকেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন রূপে। কোথাও তিনি ধূসর রঙের সরু কাটের স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নৃত্যে মগ্ন। প্রতিটি রূপেই রেট্রো ধাঁচের চুল ও পোশাকে ১৯৭০ এর দশকের আবহ ফুটে উঠেছে। এতে নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, এটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সংগীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সংগীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে পুরো আবহ অনুভব করা যাবে। জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায় বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি। টিজারে দেখা গেছে, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সিরিজটির পরিচালনা ছাড়াও গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। এতে আরিফিন শুভ’র বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে।
১৯শে মার্চ শুভ’র বলিউড অভিষেক
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
